
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে আন্তঃজেলা দোকান চোর চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপালপুর ও কালিহাতি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার চালা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া ওরফে সরকার (৩৬), একই এলাকার আবুল কালামের ছেলে রেজাউল করিম (৩৭) ও মৃত ফকির চাঁনের ছেলে নূরনবী (২৬), টাঙ্গাইলের কালিহাতি থানার ভরবাড়ী গ্রামের নূর এলাহীর ছেলে সোহান (২৭) এবং একই থানার দেউপুর গ্রামের মৃত আঃ রশিদ শেখের ছেলে লাভলু শেখ (৩৫)।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সহযোগিতায় আমার নেতৃত্বে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার আন্তঃজেলা দোকান চোর চক্রের সদস্যদের আটক করা হয়। জেলার বিভিন্ন বাজার এলাকায় সিএনজি নিয়ে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে ও তালা ভেঙ্গে চুরি করা এদের পেশা।
তিনি আরও জানান, গত ৩ জুলাই মির্জাপুর বাজারের জহুরুল ষ্টোরের টিনের চাল কেটে প্রথমে ঘরে প্রবেশ করে এরা। পরে দোকানের মালামাল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় বাজারের নৈশ প্রহরী রাসেলকে আটক করে। বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। আটক রাসেলের কাছ থেকে বাকী চোরদের ঠিকানা সংগ্রহ করে গোপালপুর ও কালিহাতি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এদের প্রত্যেকের নামে গোপালপুর থানাসহ জেলার বিভিন্ন থানায় ১০/১২টি করে চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে এক জনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




