
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙাল প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে যুবঋণের দুই লাখ টাকার চেক প্রদান, উদ্যোগী যুব সংগঠন ক্যাটাগরিতে আলোর দিশারী যুব ক্লাব ও সততা যুব কল্যাণ সংঘকে এবং সফল যুব সংগঠক ক্যাটাগরিতে যুব ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাহরিয়ার হোসেন সোলায়মানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও আগত যুবদের মাঝে বিভিন্ন ধরনের তিনশ’ ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ০১ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




