
নিজস্ব প্রতিবেদক : আসন্ন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ মো. রুবেল খান মিঠুর পক্ষে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেলে কাউলজানী মহিষখালী বাজার থেকে শোডাউনটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এসময় আলহাজ মো. রুবেল খান মিঠুর পক্ষে কাউলজানী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল জলিল বাঙালী ও যুবলীগ নেতা শাওন ভূইয়ার নেতৃত্বে প্রায় একশ’ মোটরসাইকেল ও একাধিক পিকআপভ্যান নিয়ে তার সমর্থকরা শোডাউনে অংশ নেয়। রুবেল খান মিঠুর পক্ষে তার সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিয়ে শোডাউনটি নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

আলহাজ মো. রুবেল খান মিঠু বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন। তাহলে আমাদের বাসাইল-সখীপুরের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম যেভাবে বাসাইল-সখীপুরকে নতুন করে সাজাচ্ছেন। আমি যদি মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই বাসাইল-সখীপুরের এমপিসহ সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার ইউনিয়ন পরিষদকেও নতুন করে সাজাবো। সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই তুলনায় কাউলজানী অবহেলিত। আমি চেয়ারম্যান হলে সেই অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবো। কাউলজানী ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো করবো।’

তার সমর্থকদের দাবী- ইতোমধ্যেই কাউলজানী ইউনিয়নবাসীর মানুষের মনে জায়গা করে নিয়েছে আলহাজ রুবেল খান মিঠু। যুবক ভোটাররাও তার পক্ষে মাঠে কাজ করছেন। তিনিই এবার আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। গত নির্বাচনেও তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।
উল্লেখ্য, আলহাজ রুবেল খান মিঠু ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে তিনি জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কাউলজানী সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরি পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন। রাজনৈতিকভাবে তিনি দুইবার কারাভোগ করেছেন।
বাসাইলসংবাদ/ ২২ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




