
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৯জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর : নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামিয়াতুল মোদারেছীন টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষকদের একাংশ।
সোমবার বিকেলে সংগঠনের একাংশের নেতা মাওলানা আবুল খায়ের গোলজারি, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহমান, আবদুস সালাম, আবদুল লতিফ এবং ফজলুল হক রতনের নেতৃত্বে উপজেলা রোড়ের ওই সমিতির কার্যালয়ে তাঁরা তালা ঝুলিয়ে দেন।
কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের গোলজারি বলেন, সাধারণ শিক্ষকদের দাবি অনুযায়ী নির্বাচন না দিয়ে মাওলানা সাইফুল্লাহ নিজের মতো করে পকেট কমিটি গঠন করেছে। পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য সাধারণ শিক্ষকরা কার্যালয়ে তালা দিয়েছে। অতি শিগগিরই মাদ্রাসা শিক্ষকদের এ সংগঠনের নির্বাচন না হলে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সভাপতি মাওলানা সাইফুল্লাহ বলেন, তাদের দাবি অযৌক্তিক। গঠনতন্ত্র অনুসারেই সবার মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে। তালা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে সখীপুরে ২৭টি মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে জমিয়াতুল মুদারেছীন নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনে সবশেষ ২০১৪ সালে কমিটির মেয়াদ শেষে নামদারপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন সভাপতি ও থানা সদর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল্লাহকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ শেষ হলে গত ১৩ মে কাউকে না জানিয়ে থানা সদর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল্লাহকে সভাপতি ও কাহারতা মাদ্রাসার সহকারী শিক্ষক মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন।
বাসাইলসংবাদ/একেবি




