
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : সরকারি পুকুর বরাদ্দে ইজারা নিয়ে এক মামলার আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর পাথাইরা বাঈদের চুংগার পুকুর বরাদ্দে অনিয়ম নিয়ে করা আবেদনের শুনানিতে এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সঠিক কিনা এ বিষয়ে যাচাই-বাছাইয়ের কারণ ব্যাখ্যা করার জন্য ওই দুই কর্মকর্তাকে আগামী ১৭ ডিসেম্বর আদালতে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারী অপু আহমেদ এর পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আ্যডভোকেট তপো গোপাল ঘোষ ও তাঁর সহকারী আ্যডভোকেট মনোয়ার মোর্শেদ শিশির সহ বিজ্ঞ আইনজীবীগণ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও প্রহ্লাদ দেবনাথ।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তথ্য না দিয়ে তার পরিচয় যাচাই এবং রিট আবেদনকারীকে হুমকি দেয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সখীপুরের উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট।
আবেদনকারী আইনজীবী তপু গোপাল ঘোষ ও মনোয়ার মোর্শেদ শিশির জানান, সখীপুর উপজেলার গজারিয়ার ইউনিয়নের পাথারপুর এলাকার পাথাইরা বাঈদে একটি সরকারি পুকুর ইজারায় সর্বোচ্চ দরদাতা অপু আহমেদ না দিয়ে তার চেয়ে কম দরদাতাকে দেয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অপু আহমেদ হাইকোর্টে রিট করেন। পরে আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাকে খোঁজ-খবর নিতে বলেন। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। উনি ওসি সাহেবকে বলেন আইন কর্মকর্তার আইডেন্টিটি ঠিক আছে কি না, তা যাচাই করার জন্য। মঙ্গলবার সকালে তারা মামলার বাদী অপু আহমেদ ফোন করে উল্টো হুমকি দেন, সে কেনো ঢাকায় অবস্থান করছেন। ব্যাপারটা হাইকোর্টের নজরে আনার পর আদালত এ আদেশ দেন। ওই আদেশে ইউএনও-ওসিকে ব্যক্তিগতভাবে হাজিরের নির্দেশ দেন। কেন তারা আবেদনকারীকে হুমকি ও ধমক দিয়েছেন এবং আইন কর্মকর্তাকে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন তার ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে ওই ইজারা কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারিরও আদেশ দিয়েছেন।
….বাসাইলসংবাদ/একেবি




