
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকাডুবে জলিল মন্ডল (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুরের যমুনা নদীর কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত জলিল মন্ডল উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা।
মনিরুজ্জামান মনির জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল এলাকা থেকে ধান, গম, পাটসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ৩০-৪০জনের একটি নৌকা গোবিন্দাসী হাটে যাচ্ছিল। এসময় যমুনা নদীতে ব্যাপক স্রোত থাকায় নৌকাটি কালিপুর এলাকায় ডুবে যায়।
এসময় পাটের নিচে পড়ে জলিল মন্ডল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত নৌকা ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।’




