

বাসাইলসংবাদ: বুধবার, ২৯ মে, ২০১৯:
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরে বিক্রিত জুতা ফেরত না নেওয়ায় এক জুতার দোকানে হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় আহত হয়েছেন দুইজন। বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার পৌর সদরের মসজিদ মার্কেটের সুজন সু হাউজ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন সু হাউজের স্বত্তাধিকারী সুজন খান।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে পৌর সদরের বাওয়ারকুমারজানি গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল মিয়া নামের একজন ক্রেতা সুজন সু হাউজ থেকে একজোড়া জুতা ক্রয় করার পর দুপুরের দিকে সেই জুতায় সমস্যা থাকার অজুহাতে ফেরত দিতে চাইলে দোকানের কর্মচারী তাতে অস্বীকৃতি জানায়। এতে ক্রেতা রুবেল ক্ষীপ্ত হয়ে দোকানের মালিক সুজনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে ঘন্টাখানেক পর রুবেল একই গ্রামের জালাল মিয়ার মেয়ে সম্পর্কে খালাতো বোন বিলকিস বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন দোকানে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা চালায়। এতে দোকানের কর্মচারী সীমান্ত ও রুবেল আহমেদ আহত হয়। এসময় ওই দোকানের কর্মচারী রুবেলের গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়াসহ দোকানের আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ক্রেতা রুবেল মিয়াও থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সুজন সু হাউজের স্বত্তাধিকারি সুজন খান দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মির্জাপুর বণিক সমিতির সভাপতি ফারুক সিদ্দিকী এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে তৎপর থাকবেন বলে জানান।
মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক জানান, ‘মসজিদ মার্কেটের ওই ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
বাসাইলসংবাদ/একেবি




