
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চলচ্চিত্র নায়িকা মুনমুনকে দিয়ে নাচের ঘটনায় অবশেষে তওবা পড়ে ক্ষমা চাইলেন আয়োজকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ওই মসজিদের সামনে গিয়ে স্থানীয়দের সামনে তওবা পড়ে ক্ষমা প্রার্থনা করেন তারা। তওবা শেষে আয়োজকরা মসজিদটি সংস্কারের সহযোগিতার আশ্বাস দেন।

এ ব্যাপারে আল মদিনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. স্বপন বলেন, ‘ওই সময় মসজিদ ঘরটি আমাদের নজরে আসেনি। মসজিদ ঘর দেখলে আমরা এমন কাজ করতাম না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি।’ ওই মসজিদটি সংস্কারের আশ^াসও দেন তিনি।
উপজেলা কওমী ওলামা পরিষদ সভাপতি মাওলানা সাইফুল্লাহ বেলালী বলেন, ‘আয়োজক কমিটি ভুল স্বীকার করে তওবা পড়েছে। এ ঘটনায় এখন আমাদের আর কোনও অভিযোগ নেই। মহান আল্লাহপাক আয়োজকদের তওবা কবুল করুন।’
এসময় কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, এনায়েত করিম পীর, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে গঠিত আল মদিনা সমবায় সমিতি চিত্রনায়িকা মুনমুনকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার পলাশতলীতে নৌকা ভ্রমণে আমন্ত্রণ করে নিয়ে যায়। ভ্রমণ শেষে স্থানীয় বাজারে একটি মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে দিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে মুসুল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বাসাইলসংবাদ/ ১১ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




