
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি অধ্যক্ষ মাহমুদুল হাসানের বাবা হাতেম আলী মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের বাসিন্দা। শতবর্শী হাতেম আলী মৃৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, হাতেম আলী উপজেলার বর্ণীকিশোরী ও যাদবপুর গ্রামে মসজিদে প্রায় ৫০ বছর ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাঁচ ছেলের মধ্যে এসএম শরিফুল ইসলাম সুন্যা সম্মিলিত আলিম মাদরাসার প্রিন্সিপাল, আরেক ছেলে মাহমুুদুল হাসান সখীপুর উপজেলার নামদারপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ, তিনি বাসাইল প্রেসক্লাবের একাধিকবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আরেক ছেলে মাওলানা হাবিবুর রহমান উপজেলার আদাজান মাদরাসায় শিক্ষকতা করেন। বাকি দুই ছেলেও প্রতিষ্ঠিত।
এদিকে, তার মৃত্যুতে বাসাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এদিন রাত সাড়ে ৯টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শফিকুল ইসলাম খান, দলের বাসাইল উপজেলা শাখার আমির আফজাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এম শহীদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়সহ অসংখ্য মুসুল্লি জানাজায় অংশগ্রহণ করেন।
বাসাইলসংবাদ, ১৪ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






