
বাসাইল সংবাদ: সোমবার, ১ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ স্পৃষ্টে নাহিন নামের দেড় বছরের এক শিশু ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া অনন্ত সরকার (১২) নিহত হয়েছে। নাহিন নথখোলা গ্রামের মাইদুল হকের ছেলে ও অনন্ত সরকার ফুলবাড়ি গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, বাঘিল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র অনন্ত সরকার ওই স্কুলেরই মাঠে ৩০ এপ্রিল বিকেলে ক্রিকেট খেলছিলেন। এ সময় টেনিস বলটি টিনের ঘরের চালে আটকে যায়। অনন্ত সরকার বলটি আনতে গেলে টিনের ওপরে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ওইদিন রাত ৮টার দিকে এলাকাবাসী পল্লী বিদ্যুত ও স্কুল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে। পরে স্থানীয় চেয়ারম্যান ও মাতাব্বর এসে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা বিক্ষোভ মিছিলটি বন্ধ করে। নিহতের বাবা রঞ্জিত সরকার বলেন, ওই স্কুলের টিনের চালের ওপর আমার ছেলে টেনিস বল আনতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়। পল্লী বিদ্যুত ও স্কুল কর্তৃপক্ষের অবহেলায় ছেলেটির মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহমেদ জমাদার পিন্টু বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুত অফিসে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ বিদ্যুতের তারটি সরিয়ে দেয়নি। তারটি সরালে আজ ছাত্রটির অকাল মৃত্যু হত না। এদিকে ২৯ এপ্রিল বিকেলে নথখোলা গ্রামের মাইদুল হকের ছেলে দেড় বছরের শিশু নাহিন বাড়ির পাশে খেলা করতে গেলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের বাবা মাইদুল হক বলেন, বিদ্যুতের তারটি বাড়ির পাশেই পড়ে ছিল। কিন্তু কেউ দেখেনি। হঠাৎ করে আমার ছেলে খেলা করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




