
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে এতিম অসহায় শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক ও অলাভজনক একটি মানবিক ও সামাজিক সংগঠন হেল্প অ্যান্ড নলেজ (এইচ এন্ড কে) এর উদ্যোগে এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় অসহায় এতিম ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়েছে।

রবিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী দক্ষিণপাড়ায় হেল্প এন্ড নলেজ এর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭২জন অসহায় এতিম ছেলে-মেয়ের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়। এ সময় প্রতিটি শিক্ষার্থীকে নগদ ৬ হাজার টাকা, একটি স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ এবং হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ করোনাকালিন ব্যবহারের জন্য স্বাস্থ্য উপকণ বিতরণ করা হয়।
এসব সহায়তা পেয়ে এতিম ছেলেমেয়েদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। এসময় কথা হয় দাড়িয়াপুর হাইস্কুলের এনি, বালিয়া স্কুলের রিমু, সুন্না স্কুলের শাওনসহ আরও অনেকের সাথে। এ সহায়তা পেয়ে তাদের হাসি মাখা মুখে একটাই কথা “আমরা খুব খুশি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
লায়ন শওকত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শাহাদত হোসেন খান, সামাজিক সহায়ক সংগঠন ঠিকানা’র নির্বাহী প্রধান মাসুদুজ্জামান রুমেল, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গণি হাবিবসহ এলাকার গুণীজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন শেহরাইল কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, হেলপ এন্ড নলেজ এর আঞ্চলিক কার্যালয়ের সদস্য এবিএম নুরুজ্জামান সুজন ও প্রোগ্রাম ম্যানেজার আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিক ব্যক্তিত্ব রুহুল আমীন ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে হেল্প অ্যান্ড নলেজ এর বিভিন্ন প্রোগ্রামের আওতায় সুদূরপ্রসারি কার্যক্রম বাস্তবায়নের চিত্র তুলে ধরেন হেলপ এন্ড নলেজ (এইচ এন্ড কে) এর সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক কামরুল হাসান। তিনি বলেন, অসহায় এতিম ছেলে মেয়েরা সমাজে অবহেলিত না হয়ে, তারা যেন দেশ ও জনগণের উপকারে আসতে পারে সে লক্ষ্যে হেলপ এন্ড নলেজ এর এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় দুঃস্থ অসহায় এতিমদের জীবন মান উন্নয়নের জন্য যাবতীয় শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করে আসছে।
এ ছাড়াও হেলপ এন্ড নলেজ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা, শীতবস্ত্র, টিউবয়েল, সেলাই মেশিন বিতরণ, ইফতার সামগ্রী, কোরবানীর মাংস বিতরণসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।
বাসাইলসংবাদ/ ০৭ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




