
বাসাইল সংবাদ : বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার ( ৩ আগস্ট) টাঙ্গাইলের বাসাইলে ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দু”শ শিক্ষক শ্রেণী কক্ষে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাসাইল উপজেলার প্রায় দু”শ শিক্ষক ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষক “মিলন মেলা”র নামে উপজেলা অডিটরিয়ামে শিকড় নামের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান করে।
এদিকে আগামী রোববার (৬ আগস্ট) থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে রেখে শিক্ষক্ষদের ক্লাসে অনুপস্থিত থাকাতে অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, প্রাক-প্রাথমিক শিক্ষক ও প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আয়োজিত উপজেলার ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের মধ্যে প্রায় দু’শ শিক্ষক “শিকড়” স্মরণিকার মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নেন। উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে দুই থেকে পাঁচজন শিক্ষক করে এই দিন অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন অভিভাবক মহল। অনেকে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই স্কুল থেকে চলে গেছে আবার অনেকে স্কুলে উপস্থিতই ছিলেন না। ফলে অধিকাংশ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা হইহুল্লোড় করে সময় কাটিয়েছে বলে জানা গেছে।
দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে রেখে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায় এমন অনুষ্ঠানে শিক্ষকদের দায়িত্বহীন এমন কাজে উপজেলার সকল শ্রেণীর মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাময়া আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই, যুক্তি সংঙ্গত কারন ব্যতিত যদি কেউ ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে বলা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকলিমা চৌধুরী বলেন, অনুষ্ঠানটি স্কুল চলাকালিন সময়ে না করার জন্য বলেছিলাম, এরপরও তারা স্কুল চলাকালিন সময়ে করলে সিএল (ক্যাজুয়াল লিভ) নিয়ে উপস্থিত হতে বলেছিলাম। প্রধান শিক্ষকরা অফিসে প্রশ্নপত্র সংগ্রহে এসেছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, এই অনুষ্ঠানের তারিখ, সময় নির্ধারন সম্পর্কে আমি কিছুই জানি না। অনুষ্ঠানের দুইদিন আগে আমার হাতে আয়োজকরা দাওয়াত কার্ড ধরিয়ে দিয়েছে।
অনুষ্ঠানের আয়োজকদের প্রতিনিধি মনির খান ইমন বলেন, অনুষ্ঠানটি গত বছর হওয়ার কথা ছিল। ৩৬ জন প্রাক-প্রাথমিক শিক্ষক, ২০জন প্রাক-প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত ও কয়েকজন প্রধান শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




