
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর শহরের সমবায় সুপার মার্কেটের সভাপতি কুদরত-ই-এলাহী খানের দুর্নীতির প্রতিবাদ এবং নিজেদের দোকান ফিরে পেতে রাস্তায় নেমেছেন অসহায় ব্যবসায়ীরা। রবিবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। ব্যবসায়ীরা জেলা প্রশাসন ও নেতৃবৃন্দের কাছে সমাধান চেয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মার্কেটের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, দেলোয়ার হোসেন চৌধুরী, নার্গিস আকতার, গোলাম মোহাম্মদ খান প্রমুখ।
ব্যবসায়ীরা বক্তারা বলেন, কুদরত-ই-এলাহী দলীয় প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছেন। অধিক লাভের আশায় তিনি মার্কেটের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন করে সাবেক ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুনদের কাছ থেকে বেশি টাকা নিয়ে দোকান বরাদ্দ দিচ্ছেন। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। রায় আমাদের পক্ষে রয়েছে। তারপরও স্বঘোষিত কুদরত-ই- এলাহী খান নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
বক্তারা আরও বলেন, ১৯৮০ সালে ১৫৫ জন দোকান মালিক জামানতের টাকায় সমবায় মার্কেট তৈরি করি। ৪১ বছর তারা ঢাকার সঙ্গে তাল মিলিয়ে পাইকারি ও খুচরা বিক্রেতা হিসাবে সুনাম অর্জন করেছেন। এতো অল্প সময়ে মার্কেটটি ঝুঁকিপূর্ণ বা পরিত্যাক্ত হয়নি। তারপরও প্রভাব খাটিয়ে ২০১৬ সালে পুরাতন মার্কেটটি ভেঙে নতুন মার্কেট তৈরির উদ্যোগ নেয় সমবায় কর্তৃপক্ষ। এতে ১৫৫টি পরিবার তথা ৩০০জন বিক্রয় কর্মী বেকার হয়ে পড়েন। এরপর ৮ বছর পেড়িয়ে গেলেও এর কোনো সমাধান হয়নি। এরই মধ্যে ১৯ জন ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। অনেক দোকান মালিক অন্যের দোকানে কর্মচারী হিসাবে কাজ করে পরিবার চালাচ্ছেন। অনেক মালিক ব্যাংক ঋণ, এনজিও ঋণ, মহাজনি ঋণ দিতে না পেরে ভিটা বাড়ি বিক্রি করে নিঃস্ব হয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন। ইতোপূর্বে ব্যবসায়ীরা তাদের দাবি ও অসুবিধার কথা জানিয়ে সমাধানের জন্য সংবাদ সম্মেলন করেছেন।
এ বিষয়ে মার্কেটের সভাপতি কুদরত-ই-এলাহী জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
বাসাইলসংবাদ/ ২৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




