
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের ৭ দিন পর বাঁশ ঝাড়ের পাশে ডোবায় মিলল হৃদয় মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ। রবিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ডোবায় অর্ধগলিত লাশ পাওয়া যায়।

হৃদয় ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
জানা যায়, হৃদয় গত ৭দিন ধরে নিখোঁজ। ২২ আগস্ট শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে নি। নিখোঁজের পর থেকে আত্বীয়স্বজন ও ছেলের বন্ধুবান্ধবসহ সকল জায়গায় খোঁজ-খবর নেন। কোথাও ছেলের সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন। পরে সকালে স্থানীয় এক ব্যক্তি বাঁশ ঝাড়ের পাশে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে লোকজন গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ শনাক্ত করেন।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এটা একটি হত্যাকাণ্ড।
বাসাইলসংবাদ/ ২৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




