
নিজস্ব প্রতিবেদক : ঘন ককুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ১৮টি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি ও বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় একটি এবং ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার জগৎপুরা এলাকায় অপর আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় তিনজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে ঢাকামুখী লেন বেশ কিছু সময় বন্ধ ছিল।

জানা যায়, ঘন ককুয়াশার কারনে মহাসড়কের ধল্লা থেকে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে দোয়েল ক্লাসিক পরিবহনের ধাক্কা লাগে। এঘটনায় মুন্না মিয়া (২৬) নামের বাসটির হেলপার ঘটনাস্থলেই মারা যান। মুন্না নীলফামারী জেলার বাসিন্দা আশরাফ মিয়ার ছেলে।
এদিকে, একই সময়ে মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফয়সাল মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। ফয়সাল মির্জাপুর উপজেলার আগশাওয়ালী গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
অপরদিকে, ভূঞাপুরে বালুবাহি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইশরাক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার জগৎপুরা এলাকায় এ ঘটনা ঘটে। ইশরাক জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার থলগ্রামের আবু সাঈদের ছেলে। এঘটনায় আহত হয়েছেন ইশরাকের বাবা আবু সাঈদ ও সোলায়মান নামের আরও দুইজন।
স্থানীয়রা জানান, সরিষাবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল যাওয়ার সময় জগৎপুরা এলাকায় পৌছালে একটি বালুবাহি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কলেজ ইশরাক মারা যায়। এতে আহত হন ইশরাকের বাবাসহ আরও দুইজন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ইশরাকের স্বজনরা জানান, বাবার সাথে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিল। কিন্তু সেখানে পৌছানোর আগেই ইশরাক সড়ক দুর্ঘটনায় মারা যায়। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল এতথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কে বেশ কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুইটি স্থানে দুইজন মারা গেছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হন।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটছে। ঢাকামুখী লেন বেশ কিছু সময় বন্ধ ছিল।
বাসাইলসংবাদ, ১৫ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




