
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮:

॥ এনায়েত করিম বিজয় ॥
ঈদের দিন থেকে টাঙ্গাইলের বাসুলিয়ায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। শুক্রবার (২৪ আগস্ট) এ ভীড় যেনো ছাপিয়ে গেছে বিগত সময়গুলোকেই।
উপজেলায় বিশেষ কোনও দর্শনীয় স্থান না থাকায় বিনোদনের একমাত্র স্থান হিসেবেই এই বাসুলিয়াকে বেছে নিয়েছেন এ এলাকার মানুষেরা।

বাসাইল থেকে সখীপুর সড়ক ধরে মাত্র তিন কিলোমিটার পার হলেই বাসুলিয়া। এখানে রয়েছে বিশাল একটি বিল। যার নাম চাপড়া বিল। এখন বাসুলিয়া নামে পরিচিত। বাসাইল হয়ে সখীপুর যাবার সময় হাতের ডান দিকে বিলের মাঝখানে রয়েছে একটি হিজল গাছ। অনেকের ধারণা গাছটির জন্ম এখানে নয়। সেই প্রাচীন যুগে গাছটি এসেছিল আসাম রাজ্য থেকে।

সড়ক ঘেসে পানির থৈ থৈ ও বিলের মাঝখানে গাছ, এমন মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে তাই ছুটে এসেছে ঈদে বাড়ি ফেরা মানুষগুলো। এখানে বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা পরিচিত মুখগুলোর সাথে দীর্ঘদিন পরে দেখা হয়ে যায় অনেকেরই। ফলে এই বাসুলিয়াতে আসা মানুষের ভীড় এক ধরণের মিলন মেলায় পরিণত হয়। ঈদ ছাড়াও বর্ষা মৌসুমে প্রতি শুক্রবার প্রচুর দর্শনার্থীরা এসে ভিড় জমায়।

আগতদের খাবারের চাহিদা পূরণের জন্য বসে অস্থায়ী দোকান। এছাড়াও স্থায়ীভাবে রয়েছে কয়েকটি ফাস্ট ফুডের দোকান।
শুক্রবার বিকেলে বৃষ্টিও দমিয়ে রাখতে পারেনি দর্শনার্থীদের। অনেককেই বৃষ্টিতে ভিজে এখানে ঘুরতে দেখা গেছে।
সড়ক ঘেসে সুন্দর্য বর্ধনের দাবী জানান দর্শনার্থীরা।
এদিকে বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয় এখানে দর্শনার্থীদের বসার জন্য কয়েকটি বেঞ্চ ও একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, উপজেলায় কোন দর্শনীয় স্থান না থাকায় বাসুলিয়াকেই বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে দর্শনার্থীরা। এখানে অনেক মানুষের সমাগম হয়। তিনি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সন্ধ্যা ৭টার মধ্যে বাসুলিয়া এলাকা ত্যাগ করার জন্য আহবান জানিয়েছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ঈদ উপলক্ষে দর্শনীয় স্থান বাসুলিয়ায় সকাল থেকে রাত পর্যন্ত পুলিশি টহল থাকে। এছাড়াও প্রতিদিনই রাতে বাসুলিয়ায় পুলিশ টহল দেয়।
বাসাইলসংবাদ/একে




