
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলি বাজারে অবস্থিত আল ইখলাস মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘যে জাতি শিক্ষায় অগ্রসর, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রতিষ্ঠানের পরিচালক মো. ইব্রাহিম আবরার বলেন, ‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখে।’
এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মাদ্রাসার সম্মানি শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ও সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রদর্শনীর সমাপ্ত হয়।
বাসাইলসংবাদ, ২৭ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






