
নিজস্ব প্রতিবেদক : ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে এক নারীকে পেছনে ফেলতে নির্বাচনে অংশ নেন প্রতিদ্বন্দ্বী আট পুরুষ প্রার্থী। নানা কল্পনা-জলপনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটযুদ্ধে আট প্রতিদ্বন্দ্বী পুরুষকে পেছনে ফেলে ওই নারী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের ওই নারীর নাম দেওয়ান তাহমিনা হক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট রির্টার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বী আট প্রার্থী ছিলেন- ইমরান হোসেন, এএইচ এম মাসুদুল আলম, এসএম আনিসুর রহমান, আতিকুর রহমান, আনিছুর রহমান, মো. ইলিয়াছ, খোরশেদ আলম ও বাবুল হোসেন রাজু। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে উপজেলা রির্টার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
দেওয়ান তাহমিনা হক বলেন, ‘আমি আট প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছি। আমার সঙ্গে ইউনিয়নের মা-বোনেরা কাজ করেছেন। এছাড়াও অসংখ্য পুরুষ ভোটাররাও কাজ করেছেন। আমার দলের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে পাশে ছিলেন, এজন্য আমি বিজয়ী হতে পেরেছি। আমি সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, দেওয়ান তাহমিনা হক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি একবার সংরক্ষিত ওয়ার্ডে সদস্য, দুবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এই নির্বাচনে অংশ নিতে তিনি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
বাসাইলসংবাদ/ ১২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




