
বাসাইলসংবাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪০ মণ ওজনের কালাবাবুকে নিয়ে বিপাকে পড়েছেন মেহেদী হাসান। গত কোরবানীর ঈদে এই ষাঁড় গরুটি বিক্রি করতে না পারায় এবার তাকে নিয়ে বড়ই দুশ্চিন্তায় পড়েছেন মেহেদী। গত কোরবানীর হাটে এই ষাঁড় গরুটির মূল্য ক্রেতারা ৯লাখ টাকা বললেও এবার বলছেন সাড়ে ৫ লাখ থেকে ৬ লাখ টাকা। কিন্তু গরুটির মালিক মেহেদী গত ঈদের হাটে দাম হাঁকছিলেন ১৫ লাখ টাকা। বেশি ওজনের গরুর চাহিদা কম থাকায় তিনি এবার দাম হাঁকছেন ৯ লাখ টাকা। এই কালা বাবু লম্বায় ৮ ফুট। বয়স সাড়ে ৬ বছর। কালা বাবু দেশীয় জাতের ষাঁড় গরু। মেহেদী টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়ার বাসিন্দা। কালাবাবুকে তার খাবারেই লালন পালন করা হচ্ছে। এবার কোরবানির ঈদে কালা বাবুই টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি করেন মেহেদী।
জানা যায়, প্রায় সাড়ে ৬ বছর আগে মেহেদীর খামারেই জন্ম হয় কালা বাবুর। এরপর থেকে তাকে কোনও প্রকার ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। গত কোরবানিতে এই গরুটির ওজন ছিল প্রায় ৩৭ মণ। সেই সময় কালা বাবুকে ঢাকার একটি হাঁটে উঠানো হয়। সেখানে ক্রেতারা এই গরুটির দাম ৮/৯ লাখ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু মেহেদী বেশি দামের আশায় গরুটি ওই সময় বিক্রি করেনি। এদিকে, এই কালা বাবুকে দেখতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন।
গরুর মালিক মেহেদী হাসান বলেন, ষাঁড়টি দেখতে কালো বলে নাম রেখেছি ‘কালা বাবু’। কালা বাবু খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শক্রমে কোনও প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি। গত কোরবানিতে গরুটিকে ঢাকার একটি হাঁটে উঠানো হয়েছিল। তখন গরুটির ওজন ছিল প্রায় ৩৭ মণ। আশানুরূপ দাম না পাওয়ায় গত বছর ষাঁড়টি বিক্রি করেনি। এবার গরুটির ওজন হয়েছে প্রায় ৪০মণ।
তিনি আরও বলেন, ‘এই কালাবাবুকে লালন পালন করতে এ পর্যন্ত ৪ থেকে সাড়ে ৪লাখ টাকা খরচ হয়েছে। গত বছর বিক্রি করতে না পারায় এবার দুশ্চিন্তায় আছি। বাজারে বড় গরুর চাহিদা কম থাকায় এবার ক্রেতারা গরুটির দাম বলছেন সাড়ে ৫ থেকে ৬ লাখ টাকা। গত বছর ১৫ লাখ টাকা চাইলেও এবার গরুটির দাম চাচ্ছি ৯ লাখ টাকা।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রৌশনী আকতার বলেন, মেহেদী হাসান তার খামারে দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছে। ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করা হচ্ছে। উপজেলায় এই ষাঁড়টিই সব থেকে বড় বলেও তিনি জানান।
ষাঁড়টি আজ শনিবার (১০ আগস্ট) ঢাকার গাবতলী হাটে ওঠানো হবে। গরুটির মালিকের সাথে যোগাযোগ করতে পারেন- ০১৯৯৩৫৫১২৩৯।
বাসাইলসংবাদ/একেবি




