
নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীর বঙ্গবন্ধু সেতুর অংশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি বাল্কহেড (ভলগেট) জব্দ ও ছয় ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ।

বুধবার (১৯ জুলাই) যমুনা নদীর বেলুরচর ও চরবিদ্রচাপড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার কালিপুর গ্রামের কোরবান শেখের ছেলে মো. মোস্তফা শেখ (২৬), একই এলাকার হুরমুজ শেখের ছেলে মো. রাসেল শেখ (৩৬), বড়জয়পুর গ্রামের মো. লাল মিয়া সরকারের ছেলে রেজাউল সরকার (১৯), একই গ্রামের লাল মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২৫), মো. বাদল সরকারের ছেলে রবিউল সরকার (১৮) এবং ঘাটাইল উপজেলার চর বাইশকাইল গ্রামের মৃত কোরবান মন্ডলের ছেলে বিশু মন্ডল (২৮)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতরা যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু এলাকার বেলুরচর ও চরবিদ্রচাপড়ি এলাকা থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। নৌ-পুলিশের টহল দল বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে দুইটি বাল্কহেড জব্দ করে এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, আটককৃতদের নামে ২০১০ সালের বালুমহাল ও বালু ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ-পুলিশ তৎপর রয়েছে।
বাসাইলসংবাদ, ২০ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




