
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে চা স্টলের সিলিন্ডার বিষ্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার একাব্বর হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ভূঞাপুরের ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০) ও মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেল হোসেন (৫৪), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০) ও ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫)। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০শতাংশের উপরে পুড়ে গেছে বলে জানা গেছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার একাব্বর হোসেন বলেন, ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে বিষ্ফোরণ ঘটে। এসময় পাশে রাখা সিএনজিচালিত অটোরিকশার আরও একটি সিলিন্ডারে আগুন লেগে বিষ্ফোরণ ঘটে। এতে চা স্টলের দোকানদারসহ চারজন অগ্নিদগ্ধ হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/১২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




