
বাসাইলসংবাদ: শনিবার, ০৬ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে ২০১৮ সালে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়। শনিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি ফেরদৌস আলম খান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, জেলা রোভার স্কাউটস কমিশনার জামাল হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র প্রধান সহকারী আমিন শরিফ সুপন, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কমিটির উপদেষ্টা বাবু নিমাই চন্দ্র শীল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নাগরিক কল্যাণ পরিষদের সহ-সভাপতি মামুন অর-রশিদ খান, কমিটির সাধারণ সম্পাদক শামছুল হক মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ীসহ বাসাইল উপজেলার কৃতি ব্যক্তিদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক প্রগতিশীল একটি সমাজ সেবা মূলক সংগঠন ‘বাসাইল উপজেলা নাগরিক কল্যাণ পরিষদ’ নামের এই সংগঠনটি ২০১৭ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।
বাসাইলসংবাদ/একে




