
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) স্থানীয় সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ পাঠ করান স্থানীয় সরকারের ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, উপ-পরিচালক কেএম আল আমীন । এছাড়াও বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র রাহাত হাসান টিপু বক্তব্য রাখেন। পৌরসভা সুষ্ঠুভাবে পরিচালনাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন স্থানীয় সরকারের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। অনুষ্ঠানের শেষ মুহূর্তে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকারের এই কর্মকর্তা।

এরআগে গত ২১ জুন বাসাইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও বিএনপির প্রার্থী এনামুল করিম অটলকে হারিয়ে গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু মেয়র পদে বিজয়ী হন।
বাসাইলসংবাদ, ১৯ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




