
বাসাইলসংবাদ: শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
প্রত্যক্ষ কর বা আয়কর পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রগুলোর প্রধান রাজস্ব উৎস হিসেবে বিবেচিত হয়। টানা তিন মেয়াদের এই বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ এর পথ ধরে সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে আয়কর প্রদানকারীর সংখ্যা এবং আয়কর খাতে রাজস্ব আহরণ বাড়ানো আবশ্যক। উন্নয়ন ও উত্তরণে আয়কর অর্জনের বিকল্প নেই।
দেশের অর্থনীতির আরও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ‘যারা কর দেওয়ার মতো যোগ্য, তাদের সবাইকে করের আওতায় আনা হবে’ বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, আমাদের জাতীয় রাজস্ব বৃদ্ধি করতে হবে। তাই কারা কর দিতে পারবেন, কারা পারবেন না এটা নির্ধারণ করা জরুরি।
বেশি রাজস্ব আহরণের জন্য নতুন সরকার এখনই করের রেট বাড়াতে চায়না বলে জানিয়েছেন নবনিযুক্ত অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘জাতীয় আর্থিক খাতের অন্যতম খাত রাজস্ব আহরণ। রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। এটা বৃদ্ধির জন্য কর বা ইনকাম ট্যাক্স দিতে হবে। যারা ব্যক্তিগত আয় করেন তাদের ট্যাক্স দিতে হবে, যারা কর্পোরেট ব্যবসা করেন তারা কর্পোরেট ট্যাক্স দেবেন। যাদের ট্যাক্স দেয়ার দরকার তাদের সবাইকে করের আওতায় আনা হবে। তবে আমরা করের রেট বাড়াতে চাই না। মানুষকে আহত করে কষ্ট দিয়ে কর আহরণ করার ইচ্ছা আমাদের নেই।’
মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন, ‘আমাদের ট্যাক্স জিডিপি সূচক অনেক কম। এই অঞ্চলে আমরা পিছিয়ে আছি। রাজস্ব আহরণের বিষয়ে আমি দ্রুত এই কাজটা করে ফেলবো। এই বিষয়ে সবার সঙ্গে বসবো। কোন খাতে কত রেট করলে ম্যাক্সিমাম রেভিনিউ অর্জন করতে পারবো, সেই বিষয়ে কাজ করবো। যারা ট্যাক্স দেবেন তাদের ক্ষতিগ্রস্ত না করেই ট্যাক্স আদায় করবো। কাউকে ক্ষতিগ্রস্ত করে ট্যাক্স আদায় করবো না।’
নতুন অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে যে, দেশের অর্থনীতি অনেক ভালো, শক্তিশালী অবস্থানে থাকলেও এখানে কিছু সমস্যা আছে। তবে পত্র-পত্রিকায় যতটা খারাপ লেখা হয় সেই পরিমাণে খারাপ না বলে জানানো হয়েছে। দেশের আর্থিক খাত ও ব্যাংকিং খাতগুলো খারাপ হলে দেশের এতোটা অগ্রগতি আসতো না বলেও মনে করেন অর্থ মন্ত্রণালয়ে নবনিযুক্ত এই মন্ত্রী।
তিনি বলেন, ‘একদিকে আমাদের ট্যাক্স আহরণ করতে হবে, অন্যদিকে করের হার কমাতে হবে। যদি করের হার কমিয়ে বেশি রাজস্ব আহরণ করি তবে আমরা সেই কাজটাই করবো। আমার মূল লক্ষ্য হবে উন্নয়ন করা। সব থেকে সহজ উপায় কাজ করা। আমরা যে জায়গায় আছি সেখান থেকে কাজ করবো। দেশের সকল বিষয়কে এগিয়ে নেবো।’
সূত্র- বাংলার আমরা
বাসাইলসংবাদ/একেবি




