
বিনোদন ডেস্ক : চলে গেল দুর্গাপূজা। এবার কালীপূজার দীপালিকায় জ্বলবে আলো। আরও একবার ঝলমল করে উঠবে চারপাশ। তবে অন্যান্য বারের কালীপূজার মতো এবার আর রাস্তাঘাটে ভিড়ভাট্টার উপক্রম নেই। কারণ করোনার চোখ রাঙানি। তাই এবার দীপাবলির আনন্দ উদযাপন করতে হবে বাড়ি বসেই।

প্রদীপ জ্বলবে, আলোয় সেজে উঠবে বাড়ি তবে যাওয়া যাবে না বাইরে। সময় কাটবে এবার প্রিয়জনকে মেসেজ পাঠিয়ে, কোথাও মেলা বসিয়ে নয়। মোট কথা ভার্চুয়ালিই শুভেচ্ছা জানিয়ে দীপাবলি উদযাপন করতে হবে। এমন বার্তা দিয়েই কলকাতার নায়িকারা দীপাবলিতে মেতেছেন। রঙবেরঙের ছবি প্রকাশ করে তারা ভক্ত-অনুরাগীদের সচেতন করছেন। সেই সঙ্গে জানাচ্ছেন শুভেচ্ছা। এর মধ্যে কলকাতার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুর থেকে শুভেচ্ছা দিয়েছেন সবাইকে।
আর মায়ের সঙ্গে প্রদীপ জ্বেলে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ‘কণ্ঠ’খ্যাত অভিনেত্রী পাওলি দাম। তিনি ফেসবুকে প্রকাশ করেছেন বেশকিছু ছবিও। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের বিখ্যাত পাখি চরিত্রের অভিনেত্রী মধুমিতা সরকার দীপাবলির শুভেচ্ছায় আগুন ধরিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি প্রকাশ করেছেন বেশকিছু ছবি। এর মধ্যে লাল পোশাকে মধুমিতায় মন মজেছে তার ভক্তদের।
বাংলাদেশের তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় কাজ করছেন কলকাতার মেয়ে দর্শনা বণিক। অনিন্দ্য সুন্দরী এই তরুণ অভিনেত্রীও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বেশ উষ্ণ ছবিতে। আরেক অভিনেতা বনি সেনগুপ্তের প্রেমিকা নায়িকা কৌশানী মুখার্জি দীপাবলির প্রদীপ জ্বেলেছেন লাল পোশাকের রঙিন সাজে। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী মিষ্টি মিঠাই নিয়ে হাজির হয়েছেন দীপাবলির শুভেচ্ছা জানাতে।
বাসাইলসংবাদ/ ১৫ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




