
নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনঃ বিবেচনা ও লাইসেন্সসহ ৮ দফা দাবিতে টাঙ্গাইলে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অটোরিকশা চালকরা। বুধবার দুপুরে জেলা অটোরিকশা, মেট্রো রিকশা, ট্যাক্সি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশ হয়। এদিকে অটোরিকশা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গুণতে হয়েছে বেশি ভাড়া।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, রিকশা, ব্যাটারিচালিতরিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটো রিকশা, ট্যাক্সি ও অটো ট্যাম্পো শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল লতিফ মিয়া, সদস্য সচিব লুৎফুল কবির ও যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।
বক্তারা দাবি করেন অটো রিকশা ও মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ গরীবের পেটে লাথি মারা ছাড়া কিছু নয়। এ আদেশ বাস্তবায়ন হলে বৃদ্ধি পাবে বেকার সমস্যা। এতে চরম ক্ষতিগ্রস্থ হবেন শ্রমিকরা। সাধারণ মানুষের ব্যয়ভার বুদ্ধি পাবে। তাই হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনঃ বিবেচনার দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাই।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে সহশ্রাধিক শ্রমিক অংশ নেন। পরে পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে গিয়ে শেষ হয়।
এদিকে সমাবেশের কারণে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সকাল থেকেই বন্ধ ছিল। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। ৫ টাকার ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা দিয়ে চলাচল করতে হয়েছে। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশাগুলোয় নেওয়া হয়েছে দ্বিগুণ ও তিনগুণ ভাড়া। ঘাটাইল থেকে শহরে আসা বেলায়েত হোসেন বলেন, ব্যাটারির রিকশা বন্ধ তাই সিএনজিতে বেশি ভাড়া নিচ্ছে। কেউ দেখার নেই। সব অসুবিধা আমাদের পাবলিকের।
বাসাইলসংবাদ/ ২৯ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




