
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন অভিযান শুরু করেন। এসময় বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইল শহরের আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ক্লিনিক এন্ড হাসপাতাল, মক্কা মদিনা ডিজিটাল ক্লিনিক এন্ড হাসপাতাল, ও সাবালিয়া ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগেও গত ২৮ মে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি অবৈধ ক্লিনিক সিলগালাসহ ৩টি ক্লিনিককে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনেস্টিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় চারটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ৩০ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




