
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মাজেদুর রহমান (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এতথ্যটি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালতের সরকারি কৌশলী (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর গ্রামের আঁখক্ষেত থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীর গলায় ওড়না পেছানো লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১০ সেপ্টেম্বর ময়নাতদন্ত শেষে লাশ দাফন করে রাতে নিহতের ভাই বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। ১১ সেপ্টেম্বর পুলিশি তদন্তের এক পর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করে। মাজেদুর ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বাক্ষ্য ও স্বীকারোক্তি যাচাই-বাছাই শেষে মাজেদুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত স্কুল ছাত্রীর মা ও ভাই বলেন, বিচারকের রায়ে আমরা সন্তুষ্ট। এ রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।
বাসাইলসংবাদ/ ১৪ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




