
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জন্মের পরই জটিল শারিরীক রোগে আক্রান্ত পিন্টু ও নাসরিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল থেকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ডা. সামন্ত লাল সেনের অধীন তাদের চিকিৎসা শুরু হয়েছে। ওই ইনস্টিটিউটের ৮০১ ওয়ার্ডের ৩০ বেডে তাদের চিকিৎসা শুরু হয়েছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. ফরিদুল ইসলাম ও অসুস্থ্য পিন্টু ও নাসরিনের ভাই শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জটিল শারিরীক রোগে আক্রান্ত পিন্টু মিয়া ও নাসরিন আক্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়া গ্রামে কৃষক সমেজ উদ্দিন ও সাহেদা বেগমের সন্তান। এরআগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী তাদের দুই ভাইবোনের চিকিৎসার দায়িত্ব নেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় দুই ভাই বোনকে টাঙ্গাইল থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় বৃহস্পতিবার সকাল ১০টায়। এরপরই হাসপাতালে তাঁদের ভর্তি করা পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।
জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেন ভাই পিন্টু মিয়া। সে জন্মের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। আর ছোট বোন নাসরিন আক্তার (৪০) জন্মের তিন বছর পর থেকে তিনিও অসুস্থ্য হয়ে পড়েন। তাদের গলার আশপাশে বিশাল অংশজুড়ে গলগণ্ডের মতো স্ফীতি হয়। এছাড়া পিন্টুর একটি চোখও আক্রান্ত হয়। এরআগে বিভিন্ন সময় চিকিৎসক দেখিয়েও কোন আরোগ্য লাভ হয়নি তাদের।
শুক্রবার (২৬ আগষ্ট) দুপুরে পিন্টু ও নাসরিনের ভাই শাহাদত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাই-বোনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। সেই মোতাবেক বৃহস্পতিবার সকালেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়েছে। ওইদিনই সকল ধরণের পরীক্ষা করা হয়েছে। ৮০১ নম্বর ওয়ার্ডের ৩০ বেডে ভাইবোনের চিকিৎসা চলছে। রবিবার দিন কয়েকজন চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করা হবে। টেস্টের রিপোর্টগুলো আসার পরই মূল চিকিৎসা শুরু হবে। তবে রবিবার অথবা সোমবার থেকেই চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে। এখানকার সকল চিকিৎসকই খুবই আন্তরিক। তারা খুবযত্ন নিয়ে ভাইবোনের চিকিৎসা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমার ভাইবোনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম ওই দুই ভাইবোনের বিস্তারিত তথ্য চান। এরপরই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনও তাদের বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুইজনকেই ওই দুই ভাইবোনের বিষয়ে তথ্য দেয়া হয়। এতে বৃহস্পতিবার সকালেই দুই ভাইবোনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ১১-১২জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হবে। বৃহস্পতিবারই তাদের সকল পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। রবিবার অথবা সোমবার থেকেই তাদের মুল চিকিৎসা শুরু হবে।
তিনি আরো বলেন, থাইরয়েড বা গলগন্ড রোগ থেকে এ সমস্যা হয়েছে। সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে।
বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




