
নিজস্ব প্রতিবেদক : শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ঘাটাইল উপজেলার পরিবর্তে মধুপুরে স্থানান্তর করায় প্রতীকী অনশন, গণসংগীত ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির উদ্যোগে উপজেলার গৌরিশ্বর এলাকায় এ কর্মসুচি পালন করা হয়।

সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার রক্ষা কমিটির সদস্য সচিব আতিকুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের খান, আজমত আলী প্রমুখ।
বক্তারা প্রস্তাবিত এবং দলিল সম্পাদিত নির্ধারিত স্থানেই শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের দাবী জানান। পরে পানি পান করিয়ে অনশন ভাঙান ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার। এ সময় গণসংগীতে পরিবেশন করেন উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি হাই-টেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দ প্রদানের জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়। ২০১৮ সালের ৩ নভেম্বর মেলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রশাসনিক অনুমোদন। পরে ১ লাখ এক হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌড়িশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাস জমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়। কিন্তু জানা যায় একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তী উপজেলা মধুপুরের নামে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছে ঘাটাইলবাসী।
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




