
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় পাশেই পড়েছিল গুরুতর আহত এক শিশু। শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার নিজ বাড়ি তাদের লাশ পাওয়া যায়। টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের সৌদী প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৫), জয়নুদ্দিনের মা জমেলা বেগম ও সুমির পরকীয়া প্রেমিক শাহজালাল ইসলাম সোহাগ (৩০)। আহত শিশু শাফি (৩) নিহত সুমির ছেলে। শাহজালাল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।
দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, ‘শাহজালালের সঙ্গে সুমির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রায় ৬ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে গিয়েছিল। শুনেছি তারা বিয়েও করেছিল। পরে সুমির স্বামী বিদেশ থেকে ফিরে আবার তাকে বাড়িতে নিয়ে এসেছিল। এরপর সুমির স্বামী আবার বিদেশে চলে গেছেন। এ হত্যাকাণ্ডটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’
র্যাব কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লাশের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মো. কায়ছার বলেন, ‘ট্রিপল মার্ডারের রহস্য উৎঘাটনের জন্য স্বাক্ষ্যপ্রমাণ সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। এসব স্বাক্ষ্যপ্রমাণ আমরা মতামতের জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠাবো। মতামত আসার পরেই আমরা বিস্তারিত বলতে পারবো। তখনই বলতে পারবো এ হত্যাকাণ্ডের রহস্য কি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঘটনাটি বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে ঘটতে পারে। ’
বাসাইলসংবাদ/ ৩০ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




