
বাসাইল সংবাদ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬:

আব্দুল লতিফ ,ঘাটাইল:
মনিরুজ্জামান তালুকদার হৃদয়, সজীব, সুমন রেজা, তৌকির ও ওমর ফারুক ওরা পাঁচ বন্ধু। পাঁচজনই ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বয়সের বিবেচনায় তারা খুব বেশি বড় নয়।
কিন্তু তাদের স্বপ্নটা অনেক বড়। দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা চালিয়ে আসছিল একটি ড্রোন বানানোর। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে। গত শুক্রবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে এই খুদে পাঁচ বিজ্ঞানী তৈরি একটি ছোট ড্রোন তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠের আকাশে উড়িয়েছে।

ড্রোন তৈরি করা খুদে বিজ্ঞানীদের দলনেতা মনিরুজ্জামান হৃদয় জানায়, তারা গত নভেম্বর মাসে ড্রোনটির নির্মাণকাজ শুরু করে। নির্মাণ কাজ শেষ হয় ০৫ ডিসেম্বর। এখনো চলছে সেটির উন্নয়নকাজ। ড্রোনটির সঙ্গে ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ড্রোনটির মাধ্যমে, পানিতে সাতার কাটতে পারে না এমন কোন ব্যক্তি যদি নদীর মধ্যে পড়ে যায় তাহলে তাকে বাচানোর জন্য ড্রোনটির মাধ্যমে এক কিলোমিটার দূর পর্যন্ত তার কাছে লাইফ সাপোর্ট জ্যাকেট পাঠানো যাবে ।

৯৫০ গ্রাম ওজনের ড্রোনটি তৈরি করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এটি প্রায় ১ কেজি ২০০ গ্রাাম ওজনের মালামাল বহন করতে পারে। প্রাথমিকভাবে দেড় কিলোমিটার এলাকায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা এটিকে আরো বেশি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও জনকল্যাণময় করার চেষ্টা অব্যাহত রেখেছে। যদি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে তাদের সহযোগীতা করা হয় তাহলে আরো উন্নত মানের ড্রোন তৈরি করা সম্ভব।
ক্ষুদে বিজ্ঞানী সুমন রেজা জানায়, তাদের শ্রেণী শিক্ষিকা কামরুন্নাহার ড্রোনটি তৈরী করার শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে উৎসাহ প্রদান ও সবদিক দিয়ে সহযোগীতা করছেন। এর আগে তারা এয়ার প্লেন, কলিং কার সহ আরো কয়েকটি ইলেকট্রিক যন্ত্র তৈরী করেছেন।
ক্ষুদে বিজ্ঞানীদের ড্রোন তৈরি সম্পর্কে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সাহাবউদ্দিন আহাম্মেদ বলেন, ছাত্র ছাত্রীদের যে কোন ধরনের বিজ্ঞান মনস্ক গবেষনাকে আমরা উৎসাহিত করি। আমাদের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটি বিজয় দিবসের দিনে আকাশে উড়ানোর জন্য আমরা বিশেষ ব্যাবস্থা করি । ক্ষুদে বিজ্ঞানীদের এ আবিস্কার আমাদের জন্য গর্বের। আশা করি ভবিষৎতে তারা আরো উন্নত প্রযুক্তির ড্রোন আবিস্কার করবে।
বাসাইল সংবাদ/একে




