
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সড়কের পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় জীবিত এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার পূর্বপাশের জঙ্গল থেকে নবজাতকটি উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার বিয়ালা এলাকার মাদ্রাসার পূর্বপাশের জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যা শিশুকে দেখতে পায়। এসময় তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন তাৎক্ষণিক হাসপাতালে উপস্থিত হন। পরে উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা শিশুটিকে ঘটনাস্থলে ফেলে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শিশুটিকে উদ্ধার করা স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, ‘আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে আমার ভাগ্নেকে ডাক দেই। ভাগ্নে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে আমি কোলে তোলে নিই। এসময় শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘বিকেলে রাস্তার পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যা শিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাসাইলসংবাদ, ০৯ জুলাই, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




