
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলমগীর মিয়া জেলার দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। এর আগে বুধবার (২৬ জুলাই) বিকেল তিনটার দিকে তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় নয় জন, নাগরপুরে পাঁচ জন, মির্জাপুরে দুইজন, সখীপুরে দুই জন, মধুপুরে একজন, গোপালপুর উপজেলায় দুইজন রয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকেল তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা।
বাসাইলসংবাদ, ২৭ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




