
নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর মো. আশরাফ হোসেন, সহ-সভাপতি গোলাম রাব্বানী, শিক্ষক সমিতি (বিটিএ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিলো এক দফা এক দাবি জাতীয়করণ কবে করবি, শিক্ষাক্ষেত্রে বৈষম্য মানি না মানবো না, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন করতে হবে জাতীয়করণ, প্রতিষ্ঠানের আয় জমা নিন জাতীয়করণ উপহার দিন, সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ চাই, এক দেশে দুই শিক্ষানীতি চলবে না চলবে না, আমাদের দাবি মানতে হবে জাতীয়করণ করতে হবে এবং ইত্যাদি।
এরপর মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
বাসাইলসংবাদ, ১৩ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




