
নিজস্ব প্রতিবেদক : যমুনা নদীতে ডুবে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে এসে শারমিন (১৫) নামের এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে যমুনা নদীর গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে ডিগ্রী হুগড়া গ্রামের ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য দবির জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে শারমিন ডিগ্রী হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে আসে। বুধবার বিকেল ৪টায় শারমিন কয়েকজন সহপাঠীদের নিয়ে যমুনা নদীর পারে খেলতে যায়। একপর্যায়ে তারা নদীর পারে পানিতে নামলে পানির প্রবল স্রোতে শারমিন তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ওইদিন না পাওয়া গেলেও বৃহস্পতিবার গন্ধভপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের কোন অভিযোগ না থাকায় শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য।
বাসাইলসংবাদ/ ১৪ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




