
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে আদালতের আদেশ অমান্য করায় নজরুল ইসলাম নামের এক পশুখাদ্য ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ আদেশ দেন।

জানা যায়, পৌরসভার জামতলা এলাকায় রোজা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পোশাক কারখানার পরিত্যক্ত কাপড়ের অংশ দিয়ে তৈরি করা তুলা গোখাদ্য হিসেবে বিক্রি করে আসছিলেন। তিনি উপজেলাজুড়ে খুচরা ও পাইকারী বিক্রি করতেন। বিষয়টি জানতে পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম বলেন, ‘গত ৬ জুন বিষাক্ত পশুখাদ্য তুলা বিক্রির অপরাধে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই টন তুলা পুড়ানো হয়। তার স্টকে রাখা বিষাক্ত তুলার চারটি গুদাম ঘর সিলগালা করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তুলা নষ্ট বা পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই ব্যবসায়ী গোপনে গুদামের তালা ভেঙে তুলা অন্যত্র সরিয়ে ফেলে। বিষয়টি আমাদের নজরে এলে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় সরকারী আদেশ অমান্য করায় তাকে ৬ মাসের কারাদÐ দেওয়া হয়।
বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




