
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ১৫ জুন টাঙ্গাইলের বাসাইল সদর ও কাশিল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মূখর হয়ে উঠেছে পুরো নির্বাচনি এলাকা। নানা প্রতিশ্রুতি দিয়ে দিন-রাত চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা মাঠে রয়েছেন। প্রার্থীরা ভোটের আশায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন উঠান বৈঠক ও পথসভা। ভোটারদের কোন প্রার্থী কেমন মন জয় করতে পেরেছেন সে বিষয়টি জানতে অপেক্ষা করতে হবে ১৫ জুন পর্যন্ত। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীরাও পুরোদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বাসাইল সদর
বাসাইল সদর ইউনিয়নে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সোহানুর রহমান সোহেল। তার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সদ্য বহিস্কৃত আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম সোহেল (আনারস)। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাছেদুল আলম সিদ্দিকী (চশমা) ও হারুন অর রশিদ (মোটরসাইকেল)।
এ ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৬৪জন প্রার্থী। এ ইউনিয়নে মোট ভোটার ৬ হাজার ৯৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪১০ ও নারী ভোটার ৩৫৩৩জন।
কাশিল ইউনিয়ন
কাশিল ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ছয়জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মির্জা রাজিক। তার মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি নেতা রমজান মিয়া (মোটরসাইকেল)। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন (লাঙল), স্বতন্ত্রপ্রার্থী আলাল উদ্দিন (টেলিফোন), কাইনুল হক (আনারস) ও রাকিবুল ইসলাম (চশমা)।
এ ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে লড়ছেন ৩৮জন প্রার্থী। এ ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৪৫০জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৪০ জন ও নারী ভোটার ১১ হাজার ৯১০জন।
বাসাইলসংবাদ/ ০৭ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




