
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অবৈধ ড্রেজার নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে তথ্য প্রদানের অভিযোগে মামুন মিয়া নামের এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কোদালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবককে পেটানোর অভিযোগ উঠেছে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে।

আহত মামুন মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মামুন মিয়া ওই এলাকার আব্দুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চনপুরের ওপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে করে নদীপাড়ের আশপাশে বসবাসকারী লোকজনের ঘরবাড়ি, আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পায় না। সম্প্রতি স্থানীয়রা সাংবাদিকরা সরেজমিনে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া ও তার সঙ্গীরা ওইদিন সকালে কোদালিয়া পাড়া এলাকার বাসিন্দা মামুন মিয়ার বিরুদ্ধে তথ্য দেওয়ার অভিযোগ এনে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মামুন বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে সাংবাদিকরা খবর প্রকাশ করেছে। পরে ছাত্রলীগ নেতা সুমন মিয়া ও তার সঙ্গীরা সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগ এনে আমাকে মারধর করেছে। আমি সাংবাদিকদের কোনও তথ্য দেইনি। তারা আমাকে বিনাদোষে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।’ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এব্যাপারে কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি নিয়ে অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’
বাসাইলসংবাদ/ ১০ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




