
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দক্ষিণ আফ্রিকাফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেন।

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাস ফেরত ওই ব্যক্তি বাসাইল উপজেলার রাশড়া গ্রামের বাসিন্দা। তিনি গত মাসে দেশে ফিরেছেন।
জানা যায়, দক্ষিণ আফ্রিকাফেরত ওই ব্যক্তির ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গত ৩০ নভেম্বর থেকে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘দক্ষিণ আফ্রিকাফেরত ওই ব্যক্তির পিসিআর টেস্টে নেগেটিভ এসেছে। এছাড়াও তিনি ফাইজারের দুই ডোজ সম্পন্ন করেছেন। তারপরও তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪দিন পর আবার টেস্ট করে তাকে ছাড়পত্র দেওয়া হবে। তার বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, সস্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরণ শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনের নাম দিয়েছে ওমিক্রন।
বাসাইলসংবাদ/ ০২ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




