
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইয়ের এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওই এলাকার কৃষক আইনুদ্দিন (৬৫) ও তার ছেলে অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩৩)।
স্থানীয়রা জানান, আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বিক্রি করে সোমবার নতুন আরেকটি ক্রয় করেন। এরপর রাতে অটোরিকশাটি বিদ্যুতের লাইনে চার্জ দিয়ে রাখে। পরে সকালে আনোয়ার চার্জের লাইন খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার বাবা আইনুদ্দিন তাকে দেখে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি টের পেয়ে আনোয়ারের মা বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসাইন বলেন, ‘বিদ্যুৎপৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। আনোয়ারের দেড় বছর ও তিন বছরের দুইটি সন্তান রয়েছে। এখন তাদের পরিবারে কোনও উপার্জনক্ষম ব্যক্তি রইল না। চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আমরা এই পরিবারটিকে আর্থিকভাবে সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করবো।’
বাসাইলসংবাদ/ ১৬ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




