
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৫টি অবৈধ ড্রেজার মেশিনের পাইপ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর ও কাউলজানী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ ড্রেজার মেশিন গুড়িয়ে দেন।

জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে বাসাইলে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হয়। এ ছাড়াও স্থানীয় ভুক্তভোগিদের মৌখিক ও লিখিত অভিযোগে ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাসাইল সদর ও কাউলজানী ইউনিয়নের বিভিন্ন বিল থেকে ৫টি ড্রেজার মেশিনের পাইপ ভেঙে দেওয়া হয়। এসময় বাসাইল থানা পুলিশের একটি টিম এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘আজকে অভিযান চালিয়ে ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, উপজেলার ঝিনাই নদী, বংশাই নদী, লাঙ্গুলিয়া নদীসহ বিভিন্ন বিলে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে মাটি কেটে যাচ্ছে প্রভাবশালী একটি মহল। তারা এলাকাবাসীর নিষেধ ও আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু ও মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বালু উত্তোলন করায় দু’পাশের বাড়িঘরসহ সাধারণ মানুষের কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। হুমকির মুখে রয়েছে উপজেলার বিভিন্ন পয়েন্টে হাজার হাজার একর আবাদী জমি। নিজেদের জমির ক্ষতি হচ্ছে দেখেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারছে না অসহায় কৃষকরা। মুখ খুলে কোথাও কথা বললেই হুমকি আসছে বলেও জানান স্থানীয়রা। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু বিক্রির মহোৎসব চললেও অজ্ঞাত কারনে নিরব ভূমিকায় ছিলেন স্থানীয় প্রশাসন। অবশেষে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫টি ড্রেজার মেশিন গুড়িয়ে দেয়।
বাসাইলসংবাদ/ ০২ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




