
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করা হয়।

পরে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করেন এবং প্রশাসনিক ভবনের সামনে কেক কাটেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাসাইলসংবাদ/ ১২ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




