
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগায় আইসিইউ সেবা বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন করোনা আক্রান্ত মুমূর্ষ রোগিরা। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ওয়ার্ডের হাইফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ইউনিটে আগুন লাগার খবরে আইসিইউ থেকে স্বজন ও চিকিৎসক এবং নার্সরা রোগিদের বের করে নিরাপদস্থানে সরিয়ে নেন। এসময় কেউ জায়গা নেন গাছতলায় আবার কেউ মাটিতে। উৎসুক জনতার ভিড় জমে। আতঙ্ক সৃষ্টি হয় রোগী ও স্বজনদের মাঝে। অক্সিজেন সিলিন্ডার না পেয়ে রোগিদের অবস্থায় আশঙ্কাজনক হয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়েন রোগিদের স্বজনরা। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সেবার ব্যবস্থা করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। কয়েক মিনিটের মধ্যে আগুণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে সব মিলিয়ে আমাদের ১৫ মিনিট সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, আগুনের ঘটনায় হতাহত হয়নি। আইসিইউ ওয়ার্ডে ১০ জন রোগী ছিলেন। আমরা তাদের দ্রæত সরাতে সক্ষম হয়েছি। এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।’
জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহা. সাহাবুদ্দিন খান বলেন, ‘রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ সেবা বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।’
বাসাইলসংবাদ/ ১৫ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




