
নিউজ ডেস্ক : টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে রাসেল মিয়া (২৮) নামের এক যুবক। এ ঘটনায় আহত স্ত্রী খোদেজা আক্তার সুমিকে (২২) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত সেলিনা বেগম (৫০) ওই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।
মোশাররফ হোসেন জানান, সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলনা করে কটূক্তি করেন। এঘটনায় রাসেল ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে কোপাতে থাকে। শ্বাশুরিকে বাঁচাতে সুমি এগিয়ে গেলে তাকেও কুপিয়ে আহত করে সে। এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে থাকা কিটনাশক পান করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলেই তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে।
…বাসাইলসংবাদ/ ০৩ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




