
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে আবু কালাম (৬২) নামের এক অটোভ্যানের মেকানিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের কয়েক জন সদস্যের বিরুদ্ধে । এ ঘটনায় থানায় অভিযোগ করলে ওই মেকানিককে গালমন্দ করে তুলে নেয়ার হুমকি দিয়েছে অভিযুক্ত তারা। উপজেলার বেতুয়া বাজারে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, বেতুয়া বাজারের আবু কালামের অটোভ্যানের মেকানিকাল দোকান থেকে কিছু যন্ত্রাংশ নিতে আসে সবুজ (১৮) নামের ছেলে। দোকানদার না দিলে তাকে শার্টের কলারে ধরে বঙ্গবন্ধু ক্লাবে নিয়ে যায় পারভেজ ও শাহআলম নামের দুই যুবক। পরে অন্যান্য সদস্যরা মিলে ক্লাব ঘরের সাটার নামিয়ে তাকে কিল ঘুসি দেয়। স্হানীয়রা তাকে উদ্ধার করে একটি চা স্টলে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে গিয়েও ক্লাবের কয়েক জন সদস্য তাকে মারধর করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় বুধবার রাতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ক্লাবের সভাপতি শাহআলম, কামাল, পারভেজ, মামুনসহ অজ্ঞাত আরও দুইজনের নামে থানায় অভিযোগ করেন আবু কালাম। বৃহস্পতিবার দুপুরে বেতুয়া গিয়ে পুলিশ অভিযোগ তদন্ত করে আসারপর ওই মেকানিকের দোকানে গিয়ে তাকে গালমন্দ করে তুলে নেয়ার হুমকি দেয় অভিযুক্ত পারভেজসহ তার পরিবার।
আবু কালাম বলেন, আমার কোনও ছেলে সন্তান নাই। অভাবের কারণে মেকারি করে খাই। ক্লাবের পোলাপানে আমাকে কয়েক দফায় মারধর করে, গালি গালাজ করেছে। অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছে। ওদের ভয়ে দোকান খুলতে সাহস পাইনা।’
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরু মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নাম করে নিরহ এক ভ্যানের মেকারকে মারধর করাকে ঘৃণা জানাই। এ ঘটনার বিচার হওয়া উচিত।’
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। বিষয়টি মীমাংসা করার আলাপ চলছে। সখীপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত এ এইচ এম লুৎফুল কবির বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
…বাসাইলসংবাদ/ ২৯ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




