
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে দেখতে দেখতে করোনা শনাক্তের সংখ্যা এখন ৪শ’। অবস্থাদৃষ্টে, এনিয়ে তেমন চিন্তিত নয় উপজেলাবাসী। এখানে জনজীবন সাধারণ সময়ের মতোই স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি এক উপেক্ষিত শব্দের নাম। তবে মৃদু কঠোরতার মধ্য দিয়ে হলেও স্বাস্থ্যবিধি প্রতিপালনে চেষ্টা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। প্রায় প্রতিদিনই স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

সর্বশেষ বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা পৌর এলাকার ব্যস্ততম জায়গা ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৭ জনকে মোট ২ হাজার ৫শত টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। এর মধ্যে একজন নারী, দুই জন মোটরসাইকেল আরোহী ও চারজন সাধারণ পথচারি রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, উপজেলায় করোনা সংক্রমন এখনো ঝুঁকি রেখায় অবস্থান করছে। কিন্তু জনমনে এনিয়ে তেমন একটা ভীতি বা সচেতনতা লক্ষ করা যাচ্ছে না। তাই প্রথমদিকে স্বল্প আকারে অর্থদন্ড দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এতে কাজ না হলে সামনে কঠোরতা অবলম্বন করতে হবে।
…বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




