
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ও ফুলকী ইউনিয়নের শতাধিক পানিবন্দি মানুষের মাঝে জরুরি শুকনো খাদ্য সহায়তা প্রদান করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সখীপুর উপজেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) সখীপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে ত্রাণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুর রাজ্জাক। পানিবন্দি এলাকা পরিদর্শন করে প্রধান অতিথি বলেন, পানিবন্দি এলাকার জনপ্রতিনিধিদের এ সময় মানুষের পাশে থাকার কথা ছিল। কিন্তু তারা জনগণের পাশে দাঁড়াচ্ছে না। তারা বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি এসব এলাকার মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম। জেলা সভাপতি তার বক্তব্যে বলেন, ‘অসহায় মানুষের পাশে এই সময় দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে। দলমত নির্বিশেষে সকল দায়িত্বশীলদেরকে বন্যার্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সখীপুর উপজেলার শাখার সহ-সভাপতি মিলন আহমেদ পারভেজ, সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন এবং ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ্ সা’দ প্রমুখসহ উপজেলা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
…বাসাইলসংবাদ/ ০৬ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




