
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ক্রমাগতভাবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে টাঙ্গাইলের মির্জাপুরের সাধারণ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল কুমুদিনী হাসপাতাল। স্বাভাবিক সময়ে প্রতিদিন শতশত মানুষের চিকিৎসা সেবা দেয়া এই চিকিৎসালয়টি বন্যা কবলিত হওয়ায় উদ্বিগ্ন মির্জাপুরের সাধারণ মানুষ।

শনিবার (২৫ জুলাই) সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে দেখা যায়, হাসপাতালটির প্রবেশপথ থেকে শুরু করে ভিতরের সব জায়গায় এখন হাটুপানি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিগত কয়েকদিন পানি নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে পানি পাম্প করে বাইরে বের করতে পারলেও পাশ^বর্তী লৌহজং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি ড্রেন দিয়ে পানি প্রবেশ করেছে। কুমুদিনী হাসপাতাল ছাড়াও ভারতেশ^রী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ চত্বরেও এখন পানি। পানিবন্দি অবস্থায় পড়েছে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের আবাসিক ভবন এলাকাও।
বন্যায় হাসপাতালটির এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ ও ভর্তি রোগী এবং তাদের স্বজনরা। এছাড়া হাসপাতালের সাধারণ কর্মীদেরও কাজ করতে অসুবিধায় পড়তে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু চিকিৎসা সেবা প্রত্যাশীরা ঝুুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। যদিও হাসপাতালের ভিতরে প্রবেশের জন্য ইট দিয়ে অস্থায়ী পথ তৈরি করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা এক শিশুর মা বলেন, বাড়ির চারপাশে পানি। হাসপাতালে আসতেও সমস্যা। কিন্তু চিকিৎসাতো করাতে হবে। হাসপাতালে পানি থাকলেও চিকিৎসা পেতে তার কোন সমস্যা হয়নি বলে তিনি জানান।
হাসপাতালটির টিকিট কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বিগত সময়ের তুলনায় এখন রোগীর সংখ্যাও অনেক কমে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় এমনটা হতে পারে বলে তাদের ধারণা।
কুমুদিনী হাসপাতালের সহকারি মহা ব্যবস্থাপক (এজিএম) অনিমেষ ভৌমিক জানান, হাসপাতালে বন্যার পানি প্রবেশ করলেও চিকিৎসা সেবা প্রদানে তাদের তেমন কোন সমস্যা হচ্ছে না তবে যারা চিকিৎসাসেবা নিতে আসছেন তাদের কিছুটা সমস্যা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সামনে হাসপাতালের ভিতরে কাঠের তৈরি অস্থায়ী ব্রিজ নির্মাণের চিন্তা ভাবনা করছেন তারা।
…বাসাইলসংবাদ/ ২৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




