
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। শনিবার ( ১৩ জুন) একই পরিবারের ২ ও ৮ বছর বয়সী ভাই-বোনসহ নতুন করে আক্রান্ত হয়েছেন ৯জন। এতে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪জনে।

তবে নতুন আক্রান্তদের মধ্যে ৫জন মির্জাপুরে নমুনা দেয়ার পর চার জন ঢাকায় ও একজন পাবনায় তার নিজ বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তিনি বলেন, নমুনা দেয়ার পর প্রত্যককেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। কিন্তু কেউ এটি মানছেন না।
নতুন আক্রান্তদের মধ্যে উপজেলার বানাইল ইউনিয়নের ৩জন, গোড়াই ইউনিয়নের ৩জন, ভাওড়া ইউনিয়নের ২জন এবং মির্জাপুর পৌর এলাকার ১ জন। গত ৬জুন ২১জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্যে এই ৯ জনের দেহে করোনা পজিটিভ আসে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মৃদুলুর রহমান।
এদিকে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের পরিসংখ্যান পর্যালোচনা করে সামনের দিনগুলোতে মারাত্মক ভয়াবহতার আভাস পাওয়া যাচ্ছে। এই উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ এপ্রিল। এরপর ঈদের আগের দিন ২৪ মে পর্যন্ত ৪৬ দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৮ জনে। কিন্তু ২৫ মে অর্থাৎ ঈদের দিন থেকে ১৩ জুন পর্যন্ত ১৯ দিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয় ৪৬জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৪ জন। এরমধ্যে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে যারা মির্জাপুরে অবস্থান করছেন তাদের ও আশেপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। এই সংকট মোকাবেলায় প্রশাসন ও সাংবাদিকসহ দায়িত্বশীলদের নিয়ে রবিবার মিটিং ডাকা হয়েছে।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, টাঙ্গাইলে করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করার জন্য ল্যাব স্থাপনের চেষ্টা চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে এটি হয়ে যাবে। নমুনা দেয়ার পর অন্যত্র চলে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা সামনে এটি কঠোরভাবে দেখভাল করার চেষ্টা করবো। তবে নিজ উদ্যোগে প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




